প্রকাশিত: Mon, Dec 26, 2022 10:15 AM
আপডেট: Sat, Jun 6, 2026 9:37 AM

রংপুর সিটি নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ইসি রাশেদা

এম এম লিংকন: নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সিসিটিভির মাধ্যমে এ কেন্দ্রগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করবো আমরা । আমরা রংপুরে সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন সবাইকে মিলে করতে হবে। প্রার্থীদের আচরণ হবে বিধিমালা অনুযায়ী। আমাদের লোকবল খুব বেশি নয়। তবু আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৮৬টি কেন্দ্রের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসিটিভির মাধ্যমে এ কেন্দ্রগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করবো। গাইবান্ধার মতো কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে। সিসিটিভি জাতীয় নির্বাচনে ব্যবহার হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসিটিভির ব্যবহার আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশে) নেই। তবুও জাতীয় নির্বাচনে সিসিটিভি ব্যবহার হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব